পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মণিপুরের বিধানসভা দলের নেতা হিসেবে যুম্নম খেমচাঁদ সিং-কে নির্বাচিত করেছে বিজেপি। এর ফলে উত্তর-পূর্বের এই অশান্ত রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ নেওয়া এখন সময়ের অপেক্ষা। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির বিধায়কদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে দিল্লির এই বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি সংসদীয় বোর্ড গত সোমবারই তরুণ চুগ-কে মণিপুরের পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল। গত রবিবারই রাজ্যের সমস্ত ৩৭ জন বিজেপি বিধায়ককে দিল্লিতে তলব করা হয়। সোমবার বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার বিকেল ৩টেয় অনুষ্ঠিত হয়। বৈঠকের পর খেমচাঁদ সিং-এর নামে চূড়ান্ত সিলমোহর দেয় দল।
সূত্রে খবর, মণিপুর সম্ভবত এই প্রথম কোনো মহিলা উপ-মুখ্যমন্ত্রী পেতে চলেছে। এই পদের জন্য কুঁকি সম্প্রদায়ের প্রভাবশালী নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী নেমচা কিপগেন-এর নাম সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে। তাঁকে এই পদে আনা হলে তা রাজ্যের জাতিগত সমীকরণ এবং সামাজিক ভারসাম্য রক্ষায় বড় পদক্ষেপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।



























