পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে চাপে পড়েছে ভারতীয় মুদ্রা। বুধবার সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ৭০ পয়সা কমে দাঁড়ায় ৯২.১৭ টাকা। এর আগের কার্যদিবস সোমবার এক ডলারের মূল্য ছিল ৯১.৪৯ টাকা। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে এটাই টাকার অন্যতম বড় পতন, যা বাজারে উদ্বেগ বাড়িয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হয়েছে বলে আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। এই প্রণালী দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ হয়। ভারত তার জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি করে ইরাক, সৌদি আরব ও কুয়েত-এর মতো দেশ থেকে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতার পর রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমেছে। ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হলে ভারতের ওপর সরাসরি প্রভাব পড়ে।
তেলের দাম বাড়লে আমদানির জন্য অতিরিক্ত ডলার ব্যয় করতে হয়। এতে ডলারের চাহিদা বাড়ে এবং বৈদেশিক মুদ্রাবাজারে চাপ সৃষ্টি হয়। ফলস্বরূপ দুর্বল হয়ে পড়ে ভারতীয় মুদ্রা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে টাকার ওপর চাপ আরও বাড়তে পারে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।





























