সাজাহান আলি, কুমারগঞ্জ (দক্ষিণ দিনাজপুর): নিজের জমিতে বসানো মার্শাল পাম্পে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের গাড়িতে করে কয়েকটি ইলেকট্রিক পোল নিয়ে আসছিলেন এক ইমাম। নিজের গ্রামে পৌঁছানোর প্রায় দেড় কিলোমিটার আগে এই গাড়িকে পথ দেখাতে গিয়ে গাড়ি উল্টে সেই পোলের তলায় চাপা পড়ে মৃত্যু হল রোজারত এই ইমাম সাহেবের। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন কুলহরি হাইস্কুলের পার্শ্ববর্তী রাস্তায় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ। মৃত ইমামের নাম মুশফিকুর রহমান মন্ডল (৩৮)। তাঁর বাড়ি দুর্ঘটনাস্থল থেকে সামান্য দূরে কুলহরি এলাকার কুসুমতাড়া গ্রামে। মৃত ব্যক্তি চাঁদগঞ্জ এলাকার লালদিঘি জামে মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে , ইমাম মুশফিকুর রহমান মন্ডল ইমামতির সঙ্গে তার নিজের জমিতে কিছু চাষবাসও করতেন। এই জমিতে মার্শাল পাম্প বসানোর পর বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আজ বিদ্যুৎ দপ্তরের গাড়িতে করে কয়েকটি ইলেকট্রিক পোল নিয়ে আসছিলেন তার গ্রামে। গন্তব্যে পৌঁছানোর প্রায় দেড় কিলোমিটার আগে কুলহরি হাইস্কুলের পাশের রাস্তায় এই গাড়িকে পথ দেখানোর সময় একটি বাকের মুখে দাঁড়িয়ে থাকা ইমাম সাহেব ইলেকট্রিক পোলের ধাক্কায় মাটিতে পড়ে যান। আচমকা সেই সময় পোল বোঝায় ট্রলিটি উল্টে গেলে পোলগুলির তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই এই ইমামের মৃত্যু হয়। তাকে দ্রুত কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে , মৃত ইমামের স্ত্রী , এক ছেলে ও এক মেয়ে রয়েছেন । দুর্ঘটনার খবর পেয়ে বহু মানুষ কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে এসে ভিড় জমান । মৃতের আত্মীয় তথা কুলোহরি হাইস্কুলের শিক্ষক তসলিম মন্ডল জানান , রোজা অবস্থায় আমার আত্মীয় তথা ইমাম সাহেবের মৃত্যুর জন্য এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা ঘটনাটা কুমারগঞ্জের বিধায়ককে জানিয়ে দ্রুত দেহ ময়নাতদন্তের ব্যবস্থা করার চেষ্টা করছি। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইমাম সাহেবের মৃত্যুর খবর জেনে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার , জেলা মাদ্রাসা সমন্বয় সমিতির (রাবেতা) সম্পাদক মাওলানা মাকসুদ আলী কাসেমী, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল এবং ইমাম ও মুয়াজ্জিন সংগঠনের তরফে মাইমুর সুলতান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কুমারগঞ্জ থানার আইসি শীর্ষেন্দু কুন্ডু জানান, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা বিদ্যুৎ দপ্তরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিশি হেফাজতে নিয়েছি। এক প্রশ্নের উত্তরে আই সি আরো জানান, এখনো পর্যন্ত এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।


































