পুবের কলম, বহরমপুর: তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের দুই সদস্য এবার সরাসরি শাসক শিবিরে যোগ দিতে চলেছেন। বুধবার হুমায়ুন-জামাতা রাইহান আলি নিজেই এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ্যে এনেছেন। রাইহান আলি জানিয়েছেন, তিনি এবং তাঁর বাবা (হুমায়ুন কবিরের বেয়াই) শরিফুল ইসলাম খুব শীঘ্রই জোড়াফুল শিবিরে শামিল হতে চলেছেন।
এদিন সংবাদমাধ্যমকে তিনি জানান, আগামী দু-চার দিনের মধ্যেই তাঁরা কলকাতার তৃণমূল ভবনে উপস্থিত হবেন। সেখানেই একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেবেন। মূলত শাসক দলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে শামিল হতেই তাঁদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।



































