পুবের কলম, ওয়েবডেস্ক: ইরান বনাম ইজরায়েল-আমেরিকা সংঘাতের আবহে পারস্য উপসাগরে ঘনীভূত হচ্ছে বড়সড় সঙ্কট। ভূ-রাজনৈতিক এই উত্তেজনার জেরে রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং সংলগ্ন ওমান উপসাগরে আটকে পড়েছে ভারতের মোট ৩৭টি বাণিজ্যিক জাহাজ। এই জাহাজগুলিতে আটকে রয়েছেন মোট ১,১০৯ জন ভারতীয় ক্রু বা নাবিক।
ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ৩৭টি জাহাজ বর্তমানে হরমুজ প্রণালীর দুই প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সেগুলির গতিবিধি কার্যত থমকে গিয়েছে। কিছু জাহাজ বন্দরে মাল তোলার অপেক্ষায় রয়েছে, আবার বেশ কিছু জাহাজে ইতিমধ্যেই পণ্য বোঝাই হয়ে গিয়েছে। কিন্তু যুদ্ধের আশঙ্কায় সেগুলি নিরাপদ স্থানে সরতে পারছে না। আটকে পড়া ১,১০৯ জন কর্মীই ভারতীয় নাগরিক, যার ফলে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশের কয়েক হাজার পরিবারে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এই হরমুজ প্রণালী বিশ্বের খনিজ তেল পরিবহণের অন্যতম প্রধান ধমনী। ইরান ও ইজরায়েল-আমেরিকা দ্বন্দ্বের জেরে এই জলপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
যদিও এবিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিদেশ মন্ত্রক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে সূত্রের খবর।




























