পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় স্তম্ভিত ও আতঙ্কিত গোটা বিশ্ব। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করে সন্ত্রাসে মদতদাতাদের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিল ভারত। একসঙ্গে তালিবান মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত নন বলে জানিয়ে আত্মঘাতী বিস্ফোরণের কঠোর সমালোচনা করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল।
প্রথম বিস্ফোরণটি হয় হামিদ কারজাই বিমান বন্দরে অ্যাবি গেটের সামনে। দ্বিতীয় বিস্ফোরণ হয় বিমানবন্দরের কাছে ব্যারন হোটেলে সামনে। পরে স্থানীয় সংবাদমাধ্যমগুলির সূত্রে জানা যায়, মোট পাঁচটি বিস্ফোরণ হয়েছে কাবুল বিমানবন্দরের আশেপাশের এলাকা জুড়ে।
আইসিসের মতো জঙ্গিগোষ্ঠী এইধরনের বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সূত্রের খবর। এর আগে তালিবান এক বিবৃতি দিয়ে দাবি করে, এই হামলার পিছনে রয়েছে আইএস।
এই কঠিন পরিস্থিতিতে বিশ্বকে জোট হওয়ার বার্তা দিল ভারতের বিদেশমন্ত্রক।