তৃণমূল কংগ্রেস অবশেষে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করল। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের ঘোষণা করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের দুই নেতা আখরুজ্জামান ও নিয়ামত শেখ। দলীয় সিদ্ধান্তকে তাঁরা ‘যথার্থ’ বলেই উল্লেখ করেন। তবে হুমায়ুন দাবি করেছেন, তিনি এখনও কোনও সাসপেনশনের চিঠি পাননি।
আরও পড়ুন:
৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে দলীয় অসন্তোষ তুঙ্গে ছিল। তৃণমূল নেতৃত্ব বারবার আপত্তি জানালেও সিদ্ধান্তে অটল ছিলেন হুমায়ুন। তাঁর ঘোষণাকে সাম্প্রদায়িক উসকানি বলে আখ্যা দিয়ে ফিরহাদ বলেন, “কেউ মসজিদ তৈরি করতেই পারেন, কিন্তু ধর্মীয় উস্কানি বরদাস্ত করা হবে না। হুমায়ুনের বক্তব্য রাজ্যের সম্প্রীতি নষ্ট করতে পারে।”
আরও পড়ুন:
হুমায়ুন এদিন মুখ্যমন্ত্রীর বহরমপুর সভাস্থলেই সাসপেনশনের খবর জানতে পারেন।
সঙ্গে সঙ্গে সভা ছেড়ে বেরিয়ে এসে জানান, “২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করব। ১৩৫ আসনে প্রার্থী দেব। তৃণমূল-বিজেপিকে দেখিয়ে দেব, হুমায়ুন কবীর কী পারে।”আরও পড়ুন:
উল্লেখ্য, হুমায়ুনকে এর আগেও ২০১৫ সালে তৃণমূল থেকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। মাঝখানে তিনি কংগ্রেস ও বিজেপি ঘুরে ২০২১ সালে আবার তৃণমূলে ফিরে আসেন এবং ভরতপুর থেকে জিতে বিধায়ক হন। কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্যে দলের বিরাগভাজন হয়ে এবারই তাঁর বিরুদ্ধে কঠোর অবস্থান নিল তৃণমূল।