ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদহ ও উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকা। বুধবার দিনভর বিক্ষোভ, পথ অবরোধ ও উত্তেজনার মাঝে কালিয়াচকে ৭ জন বিচারককে ঘেরাও করার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:
কালিয়াচক এলাকায় দুপুর থেকেই তিনজন মহিলা-সহ মোট সাতজন বিচারককে ঘিরে রাখেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। শেষ পর্যন্ত লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে বিচারকদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
যদিও স্থানীয়দের একাংশের দাবি, পরিস্থিতি সামাল দিতে গুলি চালানো হয়েছে। তবে প্রশাসন সেই অভিযোগ অস্বীকার করেছে।
ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ‘আগে ভোটার, তারপর ভোট’ দাবিতে বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। সাবিনা ইয়াসমিন, যিনি মোথাবাড়ির বিধায়ক এবং বর্তমানে সুজাপুরের প্রার্থী, তিনি কালিয়াচক-১ ব্লক অফিসে ধরনায় বসেন। তাঁর অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, ফলে সাধারণ মানুষ ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।
আরও পড়ুন:
সুজাপুর-সহ একাধিক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। একইভাবে ইংলিশবাজার, মানিকচক, হরিশ্চন্দ্রপুর ও উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও পথ অবরোধ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
বিক্ষোভকারীদের দাবি, বহু বুথে একসঙ্গে কয়েকশো ভোটারের নাম অযৌক্তিকভাবে বাদ দেওয়া হয়েছে। কোথাও ৩০০-৪০০ জন, আবার কোথাও প্রায় ২৫০ জনের নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে—যা নিয়ে ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে প্রশাসন অবরোধ তুলতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছে। ভোটের আগে এই ইস্যু ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।