অবশেষে প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত নিট ইউজি ২০২৬-এর ফলাফল। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ফল ঘোষণা করে জানায়, এ বছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী মেডিকেল কোর্সে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

এনটিএর তথ্য অনুযায়ী, ১১ লাখ ২১ হাজারেরও বেশি পরীক্ষার্থী এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির জন্য যোগ্য হয়েছেন। পরীক্ষার্থীরা neet.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল ও স্কোরকার্ড ডাউনলোড করতে পারবেন।
এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ পেয়ে দেশসেরা হয়েছেন পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পানশুল বনসল।

তারা যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন।

এনটিএ আরও জানিয়েছে, শীর্ষ ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ শতাংশেরও বেশি প্রথমবার নিট পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এছাড়া পাশের হারের দিক থেকে মেয়েরা এবারও এগিয়ে। মোট সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫৮ শতাংশের বেশি নারী।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে প্রথম দফার পরীক্ষা বাতিল হওয়ার পর ২১ জুন পুনরায় অনুষ্ঠিত হয়েছিল নিট ইউজি ২০২৬ পরীক্ষা। এরপর মূল্যায়ন শেষে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।