পুবের কলম ওয়েব ডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় যখন মৃতদের পরিবার শোকস্তব্ধ, ঠিক সেই সময়েই বিলাসবহুল হোটেলে বলিউডের গানে উদ্দাম নাচে মেতে উঠলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সদস্যরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আনন্দে করা এই উদযাপনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই ঘটনার তীব্র সমালোচনা করে সরব হয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।
আরও পড়ুন:
সম্প্রতি সিজেপি-র নিজস্ব এক্স হ্যান্ডেল থেকে 'ইস্তফার খুশিতে' ক্যাপশন দিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, নিট দুর্নীতির বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহের আন্দোলনের পর নিজেদের জয় উদযাপন করতে সিজেপি-র মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা-সহ দলের বেশ কয়েকজন সদস্য একটি বিলাসবহুল হোটেলে নাচাগান করছেন।
এই দৃশ্য সামনে আসতেই নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মৃত পড়ুয়াদের পরিবার যখন চোখের জল ফেলছে এবং দেশের ছাত্রসমাজ এখনও আন্দোলনের আঁচে ফুটছে, তখন এমন উল্লাস কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।আরও পড়ুন:
এই বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন সোনম ওয়াংচুক। নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভপ্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সাফল্যের উদযাপনে সবসময় বিনয় থাকা উচিত। তাঁর মতে, লক্ষ্য অর্জনের মতোই সম্মান, সংযম ও মর্যাদা বজায় রাখাও অত্যন্ত জরুরি। দায়িত্ববোধের সঙ্গে এই জয় উদযাপনের পরামর্শ দিয়ে তিনি আরও জানান, প্রকৃত সাফল্য শুধু উদ্দীষ্ট লক্ষ্যে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং সেই সাফল্যকে মানুষ কীভাবে গ্রহণ করছে তার উপরেও তা নির্ভর করে।