সৌদি আরবের পূর্বাঞ্চল ও রাজধানী রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, গত কয়েক ঘণ্টায় পূর্বাঞ্চল ও রিয়াদ অঞ্চলের বিভিন্ন পেট্রোলিয়াম ও তেল স্থাপনাকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়।

সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এই হামলার পেছনে ইরান-সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে। পাশাপাশি, উপযুক্ত সময় ও স্থানে এই হামলার জবাব দেওয়ার অধিকারও দেশটির রয়েছে।

রিয়াদ ইরাক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইরাকের মাটি যেন কোনোভাবেই সৌদি আরবে হামলার ‘লঞ্চিং পয়েন্ট’ বা ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।

এ জন্য অবিলম্বে প্রয়োজনীয় আইনি ও সামরিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বাগদাদকে।

তবে সৌদির এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরাক সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা ১৩ দিনের সংঘর্ষের পর শনিবার থেকে আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু সোমবারের এই ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।