পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি চেকপোস্টে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগের পর এক ফিলিস্তিনি গর্ভবতী নারী তাঁর অনাগত সন্তানকে হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে কারিউত শহর থেকে হাসপাতালে নেওয়ার পথে ওয়াফাতা সামরিক তল্লাশি চৌকিতে।
আরও পড়ুন:
মিডল ইস্ট আই-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারী তীব্র রক্তক্ষরণে ভুগছিলেন। জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়ার সময় ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্সটি চেকপোস্টে থামিয়ে দেয় এবং সেটিকে এগোতে দেয়নি বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন:
কারিউতের অ্যাম্বুলেন্স কর্মকর্তা বাশার আল-কারিউতি জানান, সেনাসদস্যরা চিকিৎসাকর্মীদের দায়িত্ব পালনে বাধা দেন এবং অ্যাম্বুলেন্সকে চেকপোস্ট অতিক্রমের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। তাঁর দাবি, গুরুতর অসুস্থ অবস্থায় থাকা ওই নারীকেও তল্লাশির মুখোমুখি হতে হয় এবং চিকিৎসাদলের একজন সদস্যকে সাময়িকভাবে সেনা হেফাজতে নেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, সেনারা অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বন্ধ করতে বাধ্য করলে গাড়ির জরুরি চিকিৎসা সরঞ্জাম ও লাইফ সাপোর্ট ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। এর ফলেই গর্ভস্থ শিশুর মৃত্যু ঘটে বলে দাবি করেন তিনি।