পুবের কলম ওয়েব ডেস্ক: আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং শাস্তিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা পূরণ না হলে ফের দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার সংগঠনের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তী নির্দেশকে হাতিয়ার করে পড়ুয়াদের বিরুদ্ধে আইনি অপব্যবহার করা হতে পারে।

বর্তমানে টাইফয়েডে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এর মাঝেই সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি অভিযোগ করেছেন যে, পুলিশ এখনও ছাত্রছাত্রীদের লাগাতার হেনস্থা করছে।

অবিলম্বে পড়ুয়াদের উপর এই ধরনের টার্গেট করা বা আক্রোশমূলক পদক্ষেপ বন্ধ না হলে ফের একটি 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা দিয়েছেন তিনি।
সংগঠনের মুখ্য মুখপাত্র সৌরভ দাস এক বিবৃতিতে জানিয়েছেন, শীর্ষ আদালতের অন্তর্বর্তী নির্দেশের ৪ নম্বর নির্দেশিকায় বর্তমান এফআইআর এবং তদন্ত চালিয়ে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে, তা গত ২৫ জুলাই কেন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ পরিপন্থী। 

তাঁর দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ পদক্ষেপ নেওয়া হবে না সরকারের এই আশ্বাসের ভিত্তিতেই তাঁরা সম্পূর্ণ সৎ বিশ্বাসে ৩৬ দিনের ওই দীর্ঘ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র এবং বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলি আদালতের নির্দেশকে কাজে লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে পারে বলে সিজেপি-র তরফে প্রবল আশঙ্কা প্রকাশ করা হয়েছে।