পুবের কলম ওয়েব ডেস্ক: নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কের আবহে এবার প্রতিবাদের নামে দেশবিরোধী কার্যকলাপের মারাত্মক অভিযোগ তুলল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চে’র ব্যানারে কলকাতার ধর্মতলায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করে এই ছাত্র সংগঠন। তাদের মূল দাবি, বৈধ ছাত্র আন্দোলনের আড়ালে ‘টুকরে টুকরে গ্যাং’ পরিকল্পিতভাবে দেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই গুন্ডাগিরি এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সরব হতেই হাওড়া ও শিয়ালদহ থেকে এবিভিপি-র নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা জাতীয় পতাকা হাতে এদিন ধর্মতলায় জমায়েত হন।
আরও পড়ুন:
শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নন, মঙ্গলবারের এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মীও। আন্দোলনকারীদের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অতীত বা বর্তমান— কোনও সময়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকেই তাঁরা সমর্থন করেন না। কিন্তু এই প্রাসঙ্গিক ইস্যুকে হাতিয়ার করে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের মুখোশ খুলতেই এই জমায়েত। মিছিলে অংশগ্রহণকারীরা একযোগে দেশবিরোধী শক্তিগুলির পতনের ডাক দেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, নিট দুর্নীতির প্রতিবাদে সম্প্রতি দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র সংসদ অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেই অশান্তির আঁচ এসে পড়ে কলকাতাতেও। ধর্মতলা চত্বরে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিলে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ার পাশাপাশি কর্তব্যরত সাংবাদিকদের ওপর নিগ্রহের গুরুতর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুন্ডাদমন আইনে ১৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গন্ডগোল পাকানোর অভিযোগ রয়েছে এবং গোটা ঘটনার আইনি তদন্ত এখনও জারি রয়েছে। মূলত বাম সংগঠনগুলির সেই দিনের তাণ্ডব এবং সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনার কড়া প্রতিবাদ জানাতেই এদিন রাজপথে নামে এবিভিপি।