পুবের কলম, নয়াদিল্লি: কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক সাগর গুপ্তের মৃত্যুর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্দার পোলিশচুককে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। সোমবার জওহরলাল নেহরু ভবনে ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা জানায় কেন্দ্র।
আরও পড়ুন:
গত ১৮ জুলাই কৃষ্ণসাগরে 'এমভি ওমোরফি' নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। এতে জাহাজের চিফ অফিসার তথা ভারতীয় নাবিক সাগর গুপ্ত নিহত হন। 'ফরওয়ার্ড সেমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া' নিহত এই নাবিকের পরিচয় নিশ্চিত করেছে।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইউক্রেনের রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাণিজ্যিক জাহাজের ওপর এই ধরণের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরপরাধ অসামরিক নাবিকদের জীবন বিপন্নকারী এই ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করা উচিত। এতে আন্তর্জাতিক নৌ-পরিবহন ও সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে।আরও পড়ুন:
এদিকে এই ঘটনার পর ইউক্রেনীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণসাগরের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রাণ হারানো ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিব্যাহা। দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য জয়শঙ্করও সিব্যাহার মধ্যে শীঘ্রই একটি টেলিফোনিক আলোচনা হতে পারে।