উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন জল্পনা তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি প্রকাশ্যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে জোটের প্রস্তাব দিয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে বিরোধী শক্তির ঐক্য জরুরি। তবে এই প্রস্তাব ঘিরেই কটাক্ষ করেছে বিজেপি।
শনিবার মোরাদাবাদে এক জনসভায় ওয়েইসি বলেন, “মজলিশ চায় না উত্তরপ্রদেশে আবার বিজেপি সরকার গড়ুক।

আমি হাত মেলাতে প্রস্তুত, জোট গড়তেও প্রস্তুত। এখনই আলোচনার সময়। ভোট শেষ হয়ে গেলে আর আফসোস করে লাভ হবে না।”

তিনি আরও বলেন, বিরোধীরা প্রায়ই অভিযোগ করেন যে ওয়েইসি ভোটে লড়লে তাদের ক্ষতি হয়। সে প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমি আপনাদের সঙ্গে লড়াই নয়, একসঙ্গে লড়তে প্রস্তুত।

আমাদের লড়াই সম্মান, অধিকার ও ন্যায়বিচারের জন্য। আমরা ঐক্য চাই। অখিলেশ যদি চেয়ারে বসেন, আমি তাঁর সামনে বসে মানুষের অধিকার ও ন্যায়ের কথা বলব।”
ওয়েইসির এই প্রস্তাব প্রকাশ্যে আসতেই বিজেপি তীব্র আক্রমণ শানিয়েছে। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “অখিলেশ যাদব ও ওয়েইসি দু’জনেই তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত।
এতদিন কে ‘বড়া ভাইজান’ হবে, সেই প্রতিযোগিতা চলছিল। এখন তারা একজোট হওয়ার কথা বলছে। ওয়েইসি অখিলেশজিকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাচ্ছেন। দু’জন একই মুদ্রার এপিঠ-ওপিঠ।”
উত্তরপ্রদেশের নির্বাচনকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হয়। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা। সেই নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হলেও, ওয়েইসির প্রস্তাবের বিষয়ে সমাজবাদী পার্টির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।