পুবের কলম ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার নাগাদ এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।
আরও পড়ুন:
নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে।
বিশেষ করে গাঙ্গেয় ও উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত সমুদ্র প্রবল উত্তাল থাকার পাশাপাশি ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার বেলার দিক থেকেই আবহাওয়ার এই রদবদল স্পষ্টভাবে অনুভূত হবে বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
বৃষ্টির দাপট সবচেয়ে বেশি দেখা যাবে দক্ষিণবঙ্গে।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর কোনও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না।আরও পড়ুন:
অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগের প্রকোপ কিছুটা কমবে। রবিবার সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আগামী কয়েক দিনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।