পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশজুড়ে এখন আবহাওয়ার দুই ভিন্ন চেহারা। একদিকে উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহে নাজেহাল মানুষ, অন্যদিকে দক্ষিণ ও উত্তর-পূর্ব ভারতের একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষ পর্যন্ত উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের বহু এলাকায় তীব্র গরমের দাপট বজায় থাকবে। আগামী কয়েক দিনেও স্বস্তির তেমন কোনও ইঙ্গিত নেই। মৌসম ভবন জানিয়েছে, ২৪ থেকে ২৯ মে পর্যন্ত উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলবে।

সেইসঙ্গে, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব ভারতেও। আগামী ২৬ মে পর্যন্ত সেখানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিস্তীর্ণ অঞ্চলে ২৯ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। একইভাবে পঞ্জাব, হরিয়ানা,  দিল্লি ও চণ্ডীগড়েও গরমের তীব্রতা অব্যাহত থাকার সম্ভাবনা। রাজস্থানেও পরিস্থিতি উদ্বেগজনক।

সেখানে মাসের শেষ পর্যন্ত প্রবল গরমে জনজীবন বিপর্যস্ত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েক দিনে দেশের উত্তর ও মধ্য অংশের বহু জায়গায় তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। কোথাও কোথাও তা ৪৮ ডিগ্রিও ছুঁয়েছে। পূর্ব ভারতেও গরমের প্রভাব এখনই কাটছে না। বিহার,  ঝাড়খণ্ড,  ওড়িশা এবং ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।
২৪ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

তবে এর মধ্যেই দেশের অন্য অংশে বর্ষার আগমনের সুখবর শোনাল আবহাওয়া দফতর। কেরল,  লক্ষদ্বীপ,  তামিলনাড়ু,  উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা এবং পূর্ব ভারতের কিছু অংশে আগামী কয়েক দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুও ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। আবহাওয়াবিদদের মতে,  মৌসুমি বায়ুর অগ্রগতির পথে আপাতত কোনও বড় বাধা নেই। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কেরল উপকূলে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটতে পারে। ফলে নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে বর্ষার সূচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।