কলকাতার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের দফতরে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আলিপুর আদালতের পাশেই অবস্থিত বহুতল এই সরকারি ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে ভবনের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন। আগুন দ্রুত চারতলা, পাঁচতলা এবং ছয়তলায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।