পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্য রাজনীতিতে পালাবদলের পর থেকেই পূর্বতন সরকারের আমলে দুর্নীতি-বেনিয়মের অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে। সোমবার রাতেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আজ মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। সেই সময় সব্যসাচীকে লক্ষ্য করে জনরোষ তৈরি হয়।

তাঁকে লক্ষ্য করে ডিম, গোবর ও টমেটো ছোড়ে জনতা। 

গত কয়েক দিন ধরেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনরোষ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে আসছে। মঙ্গলবার সব্যসাচীকে আদালতে তোলার সময় ফের একই দৃশ্য দেখা গেল।

এদিন সব্যসাচীকে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা সব্যসাচীকে লক্ষ্য করে ডিম ও গোবর ছোড়ে। 

মূলত তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচীকে। বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচীর বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন সল্টলেকের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, তাঁর কাছ থেকে তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়া হয়।

রাজ্যে পালাবদলের পরেই সেই মামলায় সক্রিয় হয়ে ওঠে পুলিশ। গতকাল রাতে সব্যসাচীর রাজারহাটের রাইগাছি এলাকার বাড়ি থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এর পরেই তাঁকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে বারাসত থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি প্রার্থীর কাছে তিনি হেরে যান।