মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষের উপর ফের বাড়তি বোঝা চাপল। রবিবার থেকে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৯ টাকা বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলি। এর ফলে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ৯৬৮ টাকা। একইসঙ্গে ৫ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৩৫৮ টাকা ৫০ পয়সা।

গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আগে বুকিং করা থাকলেও রবিবার থেকে ডেলিভারি নেওয়ার সময় গ্রাহকদের নতুন বর্ধিত দামই দিতে হবে।

গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি।

এর আগে গত ৭ মার্চ সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন কলকাতায় ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম হয়েছিল ৯৩৯ টাকা। নতুন বৃদ্ধির ফলে সেই দাম বেড়ে ৯৬৮ টাকায় পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে।

ফলে আমদানি খরচও বেড়েছে। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত মার্চে সম্পূর্ণ মূল্যবৃদ্ধি করা হয়নি। ফলে তেল ও গ্যাস সংস্থাগুলির লোকসান অব্যাহত ছিল।

সংস্থাগুলির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, সর্বশেষ মূল্যবৃদ্ধির আগেও প্রতিটি গ্যাস সিলিন্ডারে প্রায় ৭০৩ টাকা পর্যন্ত লোকসান হচ্ছিল। সেই ক্ষতির পরিমাণ কিছুটা কমাতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যাবে।