পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করে তীব্র বিতর্কের সৃষ্টি করলেন আরএসএস চিন্তাবিদ টিজি মোহনদাস। তিনি প্রকাশ্যে বলেছেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি যন্তর মন্তরের প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিতেন। এখানেই শেষ নয়, আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যেও চরম কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। এই মন্তব্যের পরই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে টিজি মোহনদাসকে বলতে শোনা যায়, নিট পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ ও শিক্ষার্থীদের টানা প্রতিবাদ চলাকালীন তিনি দায়িত্বে থাকলে ভিন্ন পথ অবলম্বন করতেন।

ভিডিওতে তিনি বিতর্কিত দাবি করে বলেন, "আমি যন্তর মন্তরের চারপাশের চার বর্গকিলোমিটার এলাকায় কার্ফিউ জারি করতাম। আন্দোলনকারীদের তিনবার ছত্রভঙ্গ হওয়ার জন্য সতর্ক করতাম। তার পরও না শুনলে সোজা গুলি চালানোর নির্দেশ দিতাম। কিছু লোক মরত, কিছু লোক বাঁচত, কেউ বা পঙ্গু হয়ে যেত। চার ঘণ্টার মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসত।
লাশগুলো কুড়িয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হতো।"

অপর একটি ভিডিওতে আন্দোলনকারী ছাত্রীদের সম্পর্কে অত্যন্ত কুরুচিকর ও যৌন হিংসাত্মক মন্তব্য করতে দেখা যায় মোহনদাসকে। তিনি কুরুচিকর ভাষায় বলেন, "এখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটবে এবং কোনো অভিযোগও দায়ের হবে না, কারণ এরা এমন মানুষ যারা ধর্ষিত হতে পছন্দ করে। বিশেষ করে বামপন্থী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও শ্রমজীবী শ্রেণির নারীদের মধ্যে এমন অনেকে আছেন যারা গণধর্ষণ পছন্দ করেন।" এদিকে মোহনদাসের এই উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিতে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন’। অভিযোগপত্রে বলা হয়েছে, মোহনদাস যেভাবে খোলাখুলি ছাত্রসমাজকে "গুলি করে হত্যার" আহ্বান জানিয়েছেন, তা সরাসরি হিংসা উসকে দেওয়া এবং গণহত্যার ষড়যন্ত্রের সামিল।