পুবের কলম ওয়েব ডেস্ক: যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বা সিজেপির বিক্ষোভের জেরে বুধবার সকালে নিরাপত্তার কারণে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট সহ দিল্লির মোট ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে ডিএমআরসি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোড় বাগ এবং শিবাজি স্টেডিয়াম এই মেট্রো স্টেশনগুলিতে প্রবেশ ও প্রস্থান পুরোপুরি বন্ধ থাকবে।

তবে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে ইন্টারচেঞ্জ বা ট্রেন পরিবর্তনের সুবিধা আগের মতোই চালু রাখা হয়েছে।

প্রসঙ্গত, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে সিজেপি-র পক্ষ থেকে সংসদ অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে সাড়া দিয়ে গত সোমবার হাজার হাজার মানুষ মধ্য দিল্লিতে জমায়েত করেন। সেই বিশাল বিক্ষোভ ও ভিড় সামাল দিতে সোমবারও একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।