পুবের কলম ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ, অসম এবং বিহার-সহ বিভিন্ন রাজ্যে নিট-বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করল ককরোচ জনতা পার্টি । সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস সোমবার সমাজমাধ্যমে একটি বিস্তারিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, আন্দোলনকারীদের অবিলম্বে আইনি সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যেই ধৃতদের ছাড়াতে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে তাদের আইনি সহায়ক দল। একই সঙ্গে, আটক বিক্ষোভকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন সিজেপি নেতৃত্ব।

বিবৃতিতে সিজেপি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। সিজেপি-র দাবি, বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক বা শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, সরকারের এই আশ্বাসের ভিত্তিতেই তারা দেশজোড়া বিক্ষোভ প্রত্যাহার করেছিল। 

সৌরভ দাস স্পষ্ট জানিয়েছেন, সরকারের প্রতিশ্রুতিভঙ্গ সাধারণ মানুষ ও ছাত্রসমাজের বিশ্বাসের প্রতি চরম আঘাত। মঙ্গলবারের মধ্যে সরকারের কাছ থেকে এই বিষয়ে লিখিত নিশ্চয়তা দাবি করেছে সিজেপি।

অন্যথায় তারা আগামী দিনে ফের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই ধরপাকড়ের নিন্দা করেছেন। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকারের প্রতি সম্মান জানানো উচিত এবং নিরীহ প্রতিবাদীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা অনুচিত। তবে কেউ যদি অসৎ উদ্দেশ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াকে তিনি সমর্থন করেন।