পুবের কলম, নয়াদিল্লি: ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এ বড় ধরনের সাইবার হামলা ও গোপন তথ্য ফাঁসের খবরকে সম্পূর্ণ ভুল ও যাচাইহীন বলে উড়িয়ে দিল কেন্দ্র। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, সংস্থাটির সিস্টেমে বর্তমানে কোনো সক্রিয় সাইবার হামলা বা অনুপ্রবেশের প্রমাণ মেলেনি।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডিআরডিও-র বিপুল পরিমাণ গোপন ও সংবেদনশীল তথ্য চুরি করে ডার্ক ওয়েবে বিক্রি করার চেষ্টা করছে একদল হ্যাকার। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াতেই কেন্দ্রীয় সংস্থাগুলি দ্রুত একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করে।

তদন্ত শেষে প্রতিরক্ষা মন্ত্রকের এক জ্যেষ্ঠ আধিকারিক জানান, "আমরা স্পষ্ট করে জানাচ্ছি যে, বর্তমানে কোনো ধরনের সক্রিয় সাইবার হামলা, অননুমোদিত নেটওয়ার্ক অনুপ্রবেশ বা তথ্য চুরির কোনো অস্তিত্ব নেই।

সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত সাইবার হামলার সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।"

তদন্তে উঠে এসেছে, ফাঁসের দাবি করা নথির বড় অংশই একেবারেই সাধারণ ও অ-সংবেদনশীল প্রকৃতির, যা ফাঁসে কোনো গোপনীয়তা ভঙ্গ হয় না। তদন্তকারী সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, যে তথ্যগুলিকে অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল বলে তুলে ধরা হচ্ছে, সেগুলি প্রকৃতপক্ষে ২০২০ থেকে ২০২২ সালের একটি পুরোনো ঘটনার ডেটা। হ্যাকাররা জালিয়াতি ও কারচুপির মাধ্যমে পুরনো নথিগুলিকে সম্প্রতি সংগৃহীত ও অতি-গোপনীয় বলে দেখানোর অপচেষ্টা করেছে। যেসব ডকুমেন্টের কথা বলা হচ্ছে, সেগুলি বহু বছর আগের এবং পরবর্তীতে সেগুলির একাধিক সংশোধন হয়েছে। ফলে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে এগুলির কোনো সামঞ্জস্য নেই।