পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে এক যুবককে গ্রেপ্তার করেছে। খাবারের লোভ দেখিয়ে ওই নাবালিকাকে অভিযুক্ত নিজের ভাড়াবাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র ক্ষোভ এবং ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকার আসল বাড়ি বারাকপুর অঞ্চলে। পরিবারের কাউকে কিছু না জানিয়েই সে কোনওভাবে শিয়ালদহ স্টেশনে চলে এসেছিল। স্টেশনে ওই নাবালিকাকে একা ঘোরাঘুরি করতে দেখে অভিযুক্ত সামাদ আলি তার সঙ্গে কথা জমায়। এরপর তাকে নিজের সঙ্গে বাড়িতে গেলে ভালো খাবার দেওয়া হবে, এই প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। খাবারের লোভে নাবালিকা রাজি হলে তাকে ট্রেনে চাপিয়ে সোজা বারুইপুরে নিয়ে আসে অভিযুক্ত।
আরও পড়ুন:
বারুইপুরে সামাদের একটি ভাড়াবাড়ি রয়েছে, সেখানেই ওই নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু বিপদে পড়ে মেয়েটি তীব্র চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা সন্দেহবশত ওই বাড়ির সামনে জড়ো হন। তাঁরাই তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন:
প্রসঙ্গত উল্লেখ্য, বারুইপুর এলাকা গত কয়েকদিন ধরেই নারী নির্যাতনের ঘটনায় উত্তপ্ত। মাত্র কয়েকদিন আগেই বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে নৃশংসভাবে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং বারুইপুরে গিয়েছিলেন এবং অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে 'জিরো টলারেন্স'-এর কড়া বার্তা দেওয়া হয়েছিল।