পুবের কলম ওয়েব ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক সাবেক শীর্ষ কর্মকর্তা। তাঁর দাবি, ইসলামি প্রজাতন্ত্র ইরানের এমন সক্ষমতা রয়েছে যে, তারা চাইলে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করেও ট্রাম্পের ক্ষতি করতে পারে।
আরও পড়ুন:
ইরানি সংবাদমাধ্যম 'ফারারু'-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দেম এই মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে জানান যে, যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করাই লক্ষ্য হয়ে থাকে, তবে ইরান খুব সহজেই হোয়াইট হাউসের অভ্যন্তরে সেই কাজ সম্পন্ন করতে পারে। যখনই প্রয়োজন হবে, এই পদক্ষেপ নেওয়ার পূর্ণ ক্ষমতা তাদের রয়েছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন:
এই চরম হুঁশিয়ারির পাশাপাশি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গেও মুখ খোলেন এই সাবেক সেনা আধিকারিক। তিনি স্পষ্ট করে দেন যে, মার্কিন প্রশাসনের সঙ্গে এই আলোচনার লক্ষ্য কোনোভাবেই শান্তিচুক্তি স্থাপন নয়। তাঁর মতে, আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের এই বৈঠক কেবল দু'দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন:
মোকাদ্দেম আরও জানান, ট্রাম্প বা তাঁর সহযোগীদের সঙ্গে ইরান কোনো শান্তির পথ খুঁজছে না। চলমান আলোচনায় তেহরানের মূল উদ্দেশ্য হলো নিজেদের অধিকার পুনরুদ্ধার করা এবং মার্কিন প্রশাসনের তরফ থেকে আনা যাবতীয় অভিযোগের কড়া জবাব দেওয়া। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অবস্থান থেকে ইরান বিন্দুমাত্র সরে আসেনি এবং সেই বিকল্প এখনও উন্মুক্ত রয়েছে।