রাজ্যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘অরণ্য সপ্তাহ’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকের বনবিতানে নিজ হাতে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় পরিবেশ ও বনমন্ত্রী মনোজ ওঁরাও, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এ বছর রাজ্যজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলপড়ুয়াদের মধ্যে ১ কোটি ১০ লক্ষ চারাগাছ বিতরণ করা হয়েছে, যাতে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘একটি গাছ মায়ের নামে’ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, “বজ্রপাত থেকে বাঁচতে সবাইকে বলব, বেশি করে নারকেল গাছ লাগান।

” পাশাপাশি তিনি জানান, বনদপ্তরে জনবলের ঘাটতি দ্রুত পূরণ করা হবে এবং ভবিষ্যতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বনদপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মুখ্যমন্ত্রী বনমন্ত্রী মনোজ ওঁরাওয়ের কাজের প্রশংসা করে বলেন, বন ও পরিবেশ রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বনকর্মীদের উদ্দেশে আশ্বাস দিয়ে বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে সরকার তাঁদের প্রয়োজনীয় সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

অরণ্য সপ্তাহ উপলক্ষে সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য রাজ্যে সবুজের পরিমাণ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা আরও বাড়িয়ে তোলা।