পুবের কলম ওয়েব ডেস্ক: দলবদল করে নতুন সংসদ ভবনে পৃথক কার্যালয় ও আসন পেলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগ দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদরা। এর ফলে এই প্রথমবার সংসদে পৃথক রাজনৈতিক দল হিসেবে লোকসভায় আলাদা আসনে বসার সুযোগ পেল এনসিপিআই। সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন দলের অপর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।

সূত্রের খবর, লোকসভায় এনসিপিআইয়ের দলনেতার দায়িত্ব সামলাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই।

তৃণমূলে থাকাকালীনও দীর্ঘদিন ধরে লোকসভার দলনেতা হিসেবে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া, তৃণমূলে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্ব সামলানো কাকলি ঘোষ দস্তিদারকেই এনসিপিআই তাদের নতুন মুখ্য সচেতক পদে বসাচ্ছে। পাশাপাশি, লোকসভায় দলের উপ-দলনেতা হিসেবে বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায়ের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ২০ জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৯ জুলাই দলের সাংসদদের নিয়ে একটি বৈঠক ডেকেছে এনসিপিআই, যেখানে এই সমস্ত সাংগঠনিক বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করা হবে।

একই দিনে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকেও অংশ নেবেন দলের প্রতিনিধিরা। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান যে, সংসদে তাঁদের সাংগঠনিক ও সংসদীয় অধিকার সুনিশ্চিত করার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্পিকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, আগামী অধিবেশনে দল পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে গঠিত এই নতুন দল এনসিপিআই এবারই প্রথম পৃথক শক্তি হিসেবে লোকসভায় আত্মপ্রকাশ করতে চলেছে। এনডিএ বা শাসক জোটকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় লোকসভায় শাসক পক্ষের আসনেই বসবেন এই সাংসদরা। তবে কোন সাংসদ ঠিক কোন নির্দিষ্ট আসনে বসবেন, তা দলের তরফ থেকেই চূড়ান্ত করা হবে।