পুবের কলম ওয়েব ডেস্ক: দলের অন্দরে অব্যাহত ভাঙন এবং একের পর এক বিধায়কের দলত্যাগের আবহে এবার কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল ছেড়ে বিদ্রোহী ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন দীর্ঘদিনের তৃণমূল নেতা ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। দলত্যাগের সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। এই পরিস্থিতিতে দলত্যাগীদের ‘বেইমান’ আখ্যা দিয়ে তাঁদের কৃতকর্মের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 নেত্রীর দাবি, পরিবারকে কেন্দ্রীয় এজেন্সির নোটিসের ভয় দেখিয়েই নেতাদের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। দলত্যাগের জন্য অভিষেককে শুধুমাত্র একটি ‘অজুহাত’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করে মমতা জানান, অভিষেকের ভুল মাফ হয়ে গিয়েছে এবং সে আগামী ৫০ বছর দলের হয়ে লড়াই চালিয়ে যাবে।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি জানিয়েছেন, ১৯৯৭-৯৮ সালে দলের প্রতিষ্ঠা লগ্নে তিনি যেমন কঠিন লড়াই করেছিলেন, প্রয়োজনে ২০২৬ সালেও তিনি একেবারে ‘শূন্য’ থেকে নতুন করে শুরু করার ক্ষমতা রাখেন। নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, একটা সময় তিনি লোকসভায় দলের একমাত্র প্রতিনিধি ছিলেন, সেখান থেকে লড়াই করে বর্তমানে দলের ১৮ জন সাংসদ এবং বহু বিধায়ক রয়েছেন।

তাই যারা দল ছেড়ে যেতে চান তাঁরা নিশ্চিন্তে চলে যেতে পারেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে, এবারের ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশের স্থান বদল করা হয়েছে। আদালত বেশ কিছু শর্তসাপেক্ষে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে কালীঘাটপন্থী তৃণমূলকে এই সমাবেশ করার অনুমতি দিয়েছে। মমতা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও তিনি ২০ জুলাই সভাস্থল পরিদর্শনে যাবেন। বিজেপি বা অন্য বিরোধী দলগুলি যাতে সভায় কোনও রকম বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে তিনি পুলিশকে অনুরোধ করবেন।