পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘ বছর পর বদল হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের সমাবেশ স্থল। ধর্মতলার বদলে এবার বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলকে ২১শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এই সমাবেশের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত।

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ এই মামলার শুনানিতে শর্তসাপেক্ষে সভার নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, তারামণ্ডলের সামনের রাস্তায় সভা করা গেলেও সেখানে ২৫০০-এর বেশি মানুষ জমায়েত করতে পারবেন না।

পাশাপাশি, সভার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টের মধ্যেই সম্পূর্ণ কর্মসূচি শেষ করতে হবে। রাস্তা পুরোপুরি আটকে কোনও সমাবেশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত। 

নির্দেশ অনুযায়ী, রাস্তার এক ধারে সভা চলবে এবং অন্য দিক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুরোপুরি পুলিশের উপর ন্যাস্ত করা হয়েছে।

এছাড়া আগামী ১৮ জুলাই বিকেল চারটের মধ্যে মূল আয়োজকদের নাম এবং ফোন নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। কিন্তু পুলিশের তরফে কোনও সদুত্তর না মেলায় তারা সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়। এর মধ্যেই পুলিশ ধর্মতলায় সভার অনুমতি বাতিল করে তাদের হাজরা মোড়ে সভার প্রস্তাব দেয়, যা কালীঘাট তৃণমূল খারিজ করে দেয়। এরপর বুধবার আদালতে মামলাটি উঠলে বিচারপতিও জানিয়ে দেন যে, ধর্মতলায় কোনওভাবেই সভা করা যাবে না। এরপর আদালতের নির্দেশেই বিকল্প জায়গার সন্ধান শুরু হলে তারামণ্ডলের নাম প্রস্তাব করা হয় এবং সেখানেই শর্তসাপেক্ষে সভার অনুমতি দেয় হাইকোর্ট।