পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের ওবিসি তালিকা থেকে ৭৫টি মুসলিম সম্প্রদায়-সহ মোট ৭৭টি গোষ্ঠীর নাম বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তা মেনে নিয়ে শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। হাই কোর্টের ওই রায়ের বিরোধিতা করে পূর্বতন সরকারের আমলে সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল, মঙ্গলবার তা ফিরিয়ে নেওয়া হয়। 

শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই আপিল প্রত্যাহার করা হচ্ছে।
সলিসিটর জেনারেলের পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ও আদালতে তাঁদের পৃথক আবেদনটি প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্য সরকারের এই মামলা প্রত্যাহারের আবেদনে সিলমোহর দিয়েছে। তবে শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, এই মামলার সঙ্গে যুক্ত অন্য কোনও পক্ষ চাইলে তারা তাদের আইনি লড়াই চালিয়ে যেতে পারে।

কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে সদ্যই পশ্চিমবঙ্গ বিধানসভায় দু’টি নতুন বিল পাশ করিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই বিলের মাধ্যমে রাজ্যের ওবিসি সংরক্ষণের পুরনো কাঠামো ফিরিয়ে আনা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ২০১০ সালের আগে হওয়া সমীক্ষার ভিত্তিতে স্বীকৃতি পাওয়া কেবল ৬৬টি সম্প্রদায়ই এখন থেকে ওবিসি তালিকায় রয়েছে। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশ কার্যকর হওয়ায় তালিকা থেকে পুরোপুরি বাদ পড়েছে ওই ৭৭টি সম্প্রদায়ের নাম।

প্রসঙ্গত, বাম আমলের শেষ দিক থেকে শুরু করে তৃণমূল জমানার প্রথম দিক পর্যন্ত এই ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু কলকাতা হাই কোর্ট এই সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে জানায় যে, শুধু ধর্মের ভিত্তিতে মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করে সংরক্ষণের সুবিধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। গত দু’বছর ধরে তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টের এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালাচ্ছিল। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকার গঠন করেই বিজেপি জানিয়েছিল যে তারা শীর্ষ আদালত থেকে এই মামলা আর লড়বে না।