পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক পরিবর্তনের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নিট পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের প্রথম একশো জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বার্তা দেন। সফল পড়ুয়াদের হাতে শংসাপত্র ও উপহার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সর্বভারতীয় স্তরের এই কঠিন পরীক্ষায় তাঁদের অনন্য সাফল্যে গোটা বাংলা আজ গর্বিত। আগামী দিনে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তাঁরা যাতে অবশ্যই গ্রামবাংলায় গিয়ে সাধারণ মানুষের সেবা করেন, সেই পরামর্শও দেন তিনি।
আরও পড়ুন:
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে একাধিক পদক্ষেপের কথা এদিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, আয়ুষ্মান ভারত এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যে চিকিৎসা পরিষেবার পরিধি সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই চলছে। ব্লক স্তরের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য এমন এক উন্নত ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যাতে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহ পান। রাজ্যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বর্তমান ঘাটতি মেটাতে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি, এসএসকেএম হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জানান, রাজ্য বাজেটে উত্তরবঙ্গে একটি এইমস তৈরির পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের যে রূপরেখা তৈরি হয়েছে, তার কাজ এগোচ্ছে।