পুবের কলম ওয়েব ডেস্ক: মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল-সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকেরা। রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও মসৃণ ও দূষণমুক্ত করার লক্ষ্যে যে ৫০টি বাস রাস্তায় নামানো হচ্ছে, তার মধ্যে ৪৩টি সিএনজি চালিত এবং ৭টি ব্যাটারি চালিত। এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, আগামী দিনে এমন পরিবেশবান্ধব বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।

রাজ্যে নতুন সরকার আসার পর থেকে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সুবিধা উপভোগ করার জন্য মহিলাদের একটি বিশেষ 'পিঙ্ক স্মার্ট কার্ড' প্রদান করা হয়। কিন্তু এই পরিষেবা কার্যকর হওয়ার পর থেকেই একাংশ মহিলার মধ্যে ভিন্ন মত দেখা যায়। বিশেষ করে স্বনির্ভর এবং কর্মরত মহিলারা, যাঁদের মাসিক রোজগার ৭০ থেকে ৮০ হাজার টাকার কাছাকাছি, তাঁরা বিনামূল্যে যাত্রা করার বদলে টিকিট কেটে গন্তব্যে পৌঁছতে বেশি স্বচ্ছন্দ।

এ ছাড়াও আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। অনেক মহিলার দাবি, বিনামূল্যে যাত্রার কারণে সরকারি বাসের কর্মীরা অনেক সময় মহিলা যাত্রী দেখলে নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড় করাতে চান না। এর ফলে সাধারণ মহিলা যাত্রীদের নিত্যদিন যাতায়াতের ক্ষেত্রে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয়।

মহিলাদের এই সমস্ত অভিযোগ এবং আপত্তির কথা মাথায় রেখেই এ দিন বাস উদ্বোধনী মঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তাঁর ভাষণে মহিলাদের আশ্বস্ত করে জানান, মা-বোনেদের যাতায়াত ফ্রি করা হলেও যাঁরা স্বেচ্ছায় টিকিট কেটে বাসে উঠতে চাইছেন, তাঁদের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। যাঁরা রোজগার করেন এবং ভাড়ার টাকা দিতে ইচ্ছুক, তাঁদের টিকিট কাটার সুবিধার্থে আগামী দিনে সরকার একটি বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি স্পষ্ট আশ্বাস দিয়েছেন।