পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে দীর্ঘদিনের সমস্যা বিদ্যুৎ চুরি বা হুকিং। এই সমস্যা চিরতরে মেটাতে এবার প্রযুক্তিকে হাতিয়ার করল বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবন থেকে ‘বিদ্যুৎ প্রহরী’ নামের একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমেই এবার থেকে বিদ্যুৎ চুরি সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি দপ্তরের কাছে জানাতে পারবেন সাধারণ মানুষ।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বিদ্যুৎ চুরি এবং বকেয়া বিল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি স্পষ্ট জানান, বিদ্যুৎ চুরির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে প্রশাসনকে। কলকারখানা বা বাণিজ্যিক ভবনগুলির বকেয়া বিল আদায়ে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। মালিকরা কোনও নেতার ঘনিষ্ঠ হলেও কোনওভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বকেয়া মেটাতে দ্রুত নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। তবে ডোমেস্টিক বা গৃহস্থালির বিদ্যুৎ বিলের ক্ষেত্রে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সেক্ষেত্রে গ্রাহকদের পুরনো রেকর্ড খতিয়ে দেখে তবেই ব্যবস্থা নিতে হবে বলে জানান তিনি।

অন্যদিকে, বিদ্যুৎ দপ্তরে নিয়োগ প্রক্রিয়া নিয়েও এ দিন বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়োগে অস্বচ্ছতার প্রসঙ্গে তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও স্বচ্ছ নিয়ম থাকা অত্যন্ত প্রয়োজন। কোনও মন্ত্রীর সুপারিশে বা প্রভাব খাটিয়ে কারও চাকরি পাওয়া উচিত নয়। মেধার ভিত্তিতে পড়াশোনা করেই যাতে সকলে সঠিক পথে চাকরি পান, তা নিশ্চিত করতে এবার থেকে বিদ্যুৎ দপ্তরের সমস্ত নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র মাধ্যমে করা হবে বলে তিনি ঘোষণা করেন।

নতুন এই ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। ফোনে অ্যাপটি ইনস্টল করার পর স্ক্রিনে থাকা নির্দিষ্ট অপশনে গিয়ে অভিযোগ জানানো যাবে এবং সেই অভিযোগের বর্তমান স্টেটাসও ট্র্যাক করা যাবে। দপ্তরের তরফে আশ্বস্ত করা হয়েছে যে, অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অ্যাপটিতে কর্মীদের ২৪ ঘণ্টা নজরদারি থাকবে, ফলে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। হুকিং বা বিদ্যুৎ চুরি ছাড়াও গ্রাহকরা পরিষেবা সংক্রান্ত অন্যান্য সমস্যা বা মতামতও এই নতুন অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন।