পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লিতে নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি বলপ্রয়োগ ও লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদ চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে ‘নির্মম অত্যাচার’ বলে আখ্যা দেন এবং এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। রাহুল গান্ধি প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন নির্মম আক্রমণের পরও কেন প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন?

সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই মঙ্গলবার সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার সাথে দেখা করেন রাহুল গান্ধীসহ বিরোধী জোটের এক প্রতিনিধি দল।

সংসদে অন্যান্য সমস্ত কাজকর্ম মুলতুবি রেখে শিক্ষার্থীদের ওপর পুলিশি অত্যাচার এবং পরীক্ষা ব্যবস্থার বিপর্যয় নিয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান তাঁরা। স্পিকারের সাথে বৈঠকের পর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ রাহুল গান্ধি লেখেন, "আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট: গতকাল শিক্ষার্থীদের ওপর পুলিশ যে চরম নির্মমতা চালিয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার যে ভয়াবহ সংকট তৈরি হয়েছে, তার দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে সংসদে বিস্তারিত আলোচনা হতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ন্যায্য প্রশ্ন তোলার অপরাধে দেশের পড়ুয়াদের মার খেতে হচ্ছে। ভারতের সংসদ যদি দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়েই আলোচনা করতে না পারে, তবে এই সংসদ কিসের জন্য?
" তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিরোধী দল এই ঘটনাকে কোনোভাবেই ধামাচাপা পড়তে দেবে না। রাজপথ থেকে সংসদ— সর্বত্রই তারা শিক্ষার্থীদের হয়ে লড়াই চালিয়ে যাবে।

পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যকার এই নজিরবিহীন সংঘর্ষে ১০০ জনেরও বেশি পুলিশ কর্মী এবং ৬০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন। সোমবারের সংঘর্ষে আহত আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখতে এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাহুল গান্ধি ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভাদ্রা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।