পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লা ব্লক বণ্টন মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে ক্লিনচিট দিল দেশের শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট মনমোহন সিংয়ের বিরুদ্ধে চলা ফৌজদারি মামলাটির ইতি টানার পাশাপাশি তাঁকে তলব করে জারি করা ২০১৫ সালের বিশেষ আদালতের নির্দেশটি বাতিল করে দিয়েছে। প্রধান বিচারপতি সুর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে. ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর পেশ করা 'ক্লোজার রিপোর্ট' গ্রহণ করেছে। এতে করে ইউপিএ আমলের সবচেয়ে হাই-প্রোফাইল মামলাগুলির একটি থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ নিষ্পাপ ও বেকসুর খালাস হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল শীর্ষ আদালত।
আরও পড়ুন:
মামলার শুনানি শেষে শীর্ষ আদালতের বেঞ্চ জানায়, সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট নাকচ করা বা মনমোহন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো যৌক্তিক কারণ বা তথ্যপ্রমাণ নেই।
আদালত পর্যবেক্ষণে স্পষ্ট জানায়, "আমরা উভয় পক্ষের প্রবীণ আইনজীবীদের সহায়তায় সিবিআই-এর পেশ করা দুটি ক্লোজার রিপোর্টই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছি। তদন্তকারী সংস্থার রিপোর্ট গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নীতি ও মানদণ্ড বিবেচনা করে আমরা সন্তুষ্ট যে, এই ক্লোজার রিপোর্ট বাতিল করার বা নতুন করে কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কোনো জোরালো যুক্তি নেই। ফলে, আমরা এই আপিল মঞ্জুর করছি এবং ২০১৫ সালের ১১ মার্চ জারি করা সমন ও বিচারপ্রক্রিয়ার নির্দেশ বাতিল ঘোষণা করছি।"আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০০৫ সালে ওড়িশার 'তালবিরা-২' কয়লা ব্লক বণ্টনে অনিয়মের অভিযোগে সিবিআই-এর একটি বিশেষ আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, বিশিষ্ট শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, তৎকালীন কয়লা সচিব পি. সি. পারাখসহ আরও তিনজনকে আসামি হিসেবে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল। তবে সেই নির্দেশের ওপর পরবর্তীতে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট।