পুবের কলম, নয়াদিল্লি: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের রেশন ও অন্যান্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়াই উপযুক্ত পথ। বিচারপতি বিভি নাগরত্না এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান আইনজীবী এস প্রসন্ন।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ খেত মজুর সমিতির তরফে এই মামলা দায়ের করা হয়।
শুনানির সময় বিচারপতি নাগরত্না প্রশ্ন তোলেন, কেন সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, হাইকোর্টে নয় কেন? এর জবাবে আবেদনকারীর আইনজীবী দাবি করেন, এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিষয় নয়। তাঁর মতে, দেশের আরও কয়েকটি রাজ্যও এসআইআর-এ বাদ পড়া ব্যক্তিদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে। পাশাপাশি, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে বলে এই বিষয়টির শুনানির জন্য শীর্ষ আদালতই উপযুক্ত মঞ্চ। তবে বেঞ্চ সেই যুক্তি মানতে রাজি হয়নি। বিচারপতিরা পর্যবেক্ষণ করেন, বর্তমান মামলার কারণ এবং এসআইআর সংক্রান্ত পূর্ববর্তী মামলার বিষয়বস্তু আলাদা। তাই এই অভিযোগের ক্ষেত্রে প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত।আরও পড়ুন:
বিচারপতি নাগরত্না বলেন, "কলকাতা হাইকোর্ট গ্রীষ্মকালীন ছুটির পর ইতিমধ্যেই খুলেছে। আপনারা সেখানে যান।" ফলে আপাতত সুপ্রিম কোর্টে এই মামলার জরুরি শুনানির পথ বন্ধ হলেও, আবেদনকারীদের জন্য কলকাতা হাইকোর্টে যাওয়ার রাস্তা খোলা থাকল।