পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা কার্যালয় ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রবিবার ছুটির দিনে নজিরবিহীন জরুরি শুনানিতে আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে, সেখানে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। পাশাপাশি, ওই ভবন নির্মাণের সঙ্গে যুক্ত সমস্ত প্রয়োজনীয় নথিপত্র তলব করেছে আদালত। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
রবিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কিশোর দত্ত আদালতে অভিযোগ করেন, শনিবার থেকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ওই পাঁচতলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে, অথচ ভবনের মালিককে শুনানির জন্য পর্যাপ্ত সময় বা আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগই দেওয়া হয়নি।আরও পড়ুন:
তিনি জানান, গত ৩০ জুন নোটিস দেওয়া হয়েছিল এবং শুনানির দিন ধার্য করা হয় ১৫ জুলাই। কিন্তু তাঁদের বিষয়টি জানানো হয় মাত্র সাত দিন আগে, অর্থাৎ ৮ জুলাই। কী কারণে এই পদক্ষেপ বা নির্দিষ্ট অভিযোগ কী, তা জানার সুযোগও তাঁদের দেওয়া হয়নি। পঞ্চায়েত আইন অনুযায়ী মালিককে আগে যথাযথ নোটিস দেওয়ার যে নিয়ম রয়েছে, তা এক্ষেত্রে মানা হয়নি বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন:
অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পালটা যুক্তি দিয়ে জানান, গত ৩০ জুন পাঠানো নোটিসেই আইনের সমস্ত ধারার কথা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। তাছাড়া, ওই বিল্ডিংটি নির্মাণের ক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে কোনও বৈধ অনুমোদন নেওয়া হয়নি। দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি জানান, কী কী নিয়মভঙ্গের কথা নোটিসে উল্লেখ করা হয়েছিল, তার প্রতিলিপি এই মুহূর্তে আদালতের কাছে নেই। তাই তিনি এই মামলাটি রেগুলার বেঞ্চ বা নিয়মিত এজলাসে পাঠানোর নির্দেশ দেন। ততদিন পর্যন্ত কার্যালয় ভাঙার কাজ বন্ধ রাখতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।