ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির দাবি, এসব হামলার উদ্দেশ্য আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করা, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করে দেওয়া।
শনিবার এক বিবৃতিতে আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলাকে ‘অপরাধমূলক ও বেপরোয়া’ বলে আখ্যা দেন।
তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার এবং কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, এ ধরনের আগ্রাসী আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন:
ফাহমি বলেন, “যেকোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।”
তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন:
এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।
যদিও এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তেহরান। তবে এর আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান।