মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার আরাগচির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এসব ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা, আঞ্চলিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় আরাগচি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং যৌথ কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এই আলোচনা এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন রিয়াদ দাবি করেছে, ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোর ছোড়া একাধিক ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে ইরানের এই কূটনৈতিক তৎপরতাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।