পুবের কলম ওয়েব ডেস্ক: আসিয়ান আঞ্চলিক ফোরামে জম্মু-কাশ্মীর ও সিন্ধু জল চুক্তি প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের তীব্র সমালোচনা করল ভারত। পাক বিদেশমন্ত্রী ইসহাক দারের এই সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিজেদের মদতপুষ্ট আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের রেকর্ড থেকে বিশ্বের নজর ঘোরাতে পাকিস্তান যে আবারও একটি বহুপাক্ষিক মঞ্চকে নির্লজ্জভাবে ব্যবহার করে মিথ্যাচার ও অপপ্রচার করছে, তা মোটেই আশ্চর্যের নয়। ওই একই মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে তার চরম পরিণতি ভুগতেই হবে।
পাশাপাশি, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং আগামীদিনেও থাকবে। এই অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও এক্তিয়ার পাকিস্তানের নেই।আরও পড়ুন:
সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের অবস্থান যে অপরিবর্তিত রয়েছে, তা-ও এই দিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। এক পদস্থ আধিকারিক জানান, পহেলগাম হামলা-সহ পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের কড়া জবাব দিতেই বর্তমানে সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে নয়াদিল্লি।
যতদিন না পর্যন্ত ইসলামাবাদ বিশ্বাসযোগ্যভাবে এবং স্থায়ীভাবে এই সন্ত্রাসবাদে মদত দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করছে, ততদিন এই চুক্তি স্থগিতই থাকবে।আরও পড়ুন:
এর পাশাপাশি, পাকিস্তান সরকার যেভাবে 'ফিতনা আল-হিন্দুস্তান'-এর মতো ধর্মীয় উসকানিমূলক ভাষা ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, তারও কড়া নিন্দা করেছে ভারত। ভারতীয় আধিকারিকদের মতে, এটি আসলে পাকিস্তানের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠার বিষয়গুলি থেকে নজর ঘোরানোর একটি নিষ্ফল প্রয়াস মাত্র। নয়াদিল্লির কড়া বার্তা, আন্তর্জাতিক মঞ্চের অপব্যবহার করে প্রতিবেশীর দিকে আঙুল তোলার বদলে পাকিস্তান যদি নিজেদের দেশে গড়ে ওঠা সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করে এবং নিজেদের ঘর গোছানোর দিকে মনোযোগ দেয়, তবে তা তাদের দেশ ও জনগণের জন্য অনেক বেশি মঙ্গলজনক হবে।