'পুষ্পা: দ্য রাইজ' সিনেমার কায়দায় লরির নিচে বিশেষ গোপন কুঠুরি তৈরি করে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। তবে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য মাদক পাচার চক্র। পুরুলিয়া জেলা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৩২২ কেজি গাঁজা, যার বাজারমূল্য এক কোটিরও বেশি বলে প্রাথমিক অনুমান। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

সোমবার গভীর রাতে গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহরে ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে অভিযান চালায় পুরুলিয়া জেলা পুলিশ।

অভিযানে একটি লরি-সহ মোট তিনটি গাড়ি আটক করা হয়। পুলিশ জানায়, লরিটিকে সামনে ও পিছন থেকে দুটি ছোট গাড়ি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল।

পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের তৎপরতায় এই সাফল্য আসে। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে অন্য রাজ্যের আর কারা জড়িত, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

জেলা পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে ধারাবাহিক অভিযান চলবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাতজনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওড়িশার এবং তিনজন বিহারের বাসিন্দা। ধৃতদের বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পূর্ব বর্ধমানের রাজু পাল ও জীবন দে, পশ্চিম বর্ধমানের উত্তমকুমার সিনহা, ওড়িশার গঞ্জাম জেলার কালিয়া লঙ্কা এবং বিহারের ভোজপুরের দীপককুমার সিং, অজিতকুমার সিং ও বক্সারের রঞ্জিতকুমার প্রসাদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, নজর এড়াতেই লরির নিচে বিশেষভাবে তৈরি গোপন কুঠুরিতে মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

ডেপুটি ম্যাজিস্ট্রেট ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক মেকানিকের সহায়তায় সেই গোপন কুঠুরির সন্ধান মেলে। কুঠুরি খুলতেই ছোট ছোট অসংখ্য প্যাকেট উদ্ধার হয়। পরে সেগুলি খুলে দেখা যায়, সবকটিতেই গাঁজা রয়েছে। বৈদ্যুতিক ওজন পরিমাপক যন্ত্রে ওজন করে মোট ৩২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুরুলিয়া জেলা পুলিশের এই অভিযানের প্রশংসা করে এক্সে পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, গত তিন দিনের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পাচার রুখে দেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ দলকে তিনি অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি তিনি জানান, সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে রাজ্য পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতিই এই অভিযানে প্রতিফলিত হয়েছে।