মুর্শিদাবাদের বহরমপুরে শুক্রবার সকালে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই স্কুলপড়ুয়াসহ তিনজন। বহরমপুর থানার কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি ২৪এ/২ নম্বর রেলগেটে একটি স্কুলগাড়ি এবং এক সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন পড়ুয়া। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ একটি ট্রেন যাওয়ার জন্য রেলগেট বন্ধ করা হয়েছিল। ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হলে অপেক্ষমাণ যানবাহন রেললাইন পার হতে শুরু করে। অভিযোগ, ঠিক সেই সময়ই দ্রুতগতিতে এসে পড়ে আরেকটি ট্রেন। মুহূর্তের মধ্যে সেটি স্কুলগাড়িটিকে ধাক্কা মারলে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভিতরে আটকে পড়ে একাধিক শিশু।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ও রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান। চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার পর থেকেই রেলগেট পরিচালনায় গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রথম ট্রেনটি চলে যাওয়ার পর গেট খুলে দেওয়া হলেও দ্বিতীয় ট্রেন আসার আগে সেটি আর বন্ধ করা হয়নি। ফলে কীভাবে গেট খোলা অবস্থায় ট্রেন প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গেটম্যানের ভূমিকা এবং সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে হাওড়া থেকে চারজন সিনিয়র আধিকারিক ঘটনাস্থলে রওনা হয়েছেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।