পুবের কলম ওয়েব ডেস্ক: নিট আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজমাধ্যমে ছড়ানো আপত্তিকর পোস্ট ও ভিডিয়ো নিয়ে এবার কড়া অবস্থান নিল দিল্লি পুলিশ। এই বিষয়ে একাধিক সমাজমাধ্যম অ্যাকাউন্ট এবং বেশ কয়েকটি নিউজ পোর্টালকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে এবং মাইক্রোব্লগিং সাইট এক্স-এর কাছে আপত্তিকর পোস্ট করা অ্যাকাউন্টগুলির বিস্তারিত তথ্য তলব করেছে।

সূত্রের খবর, পুলিশের দায়ের করা অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, প্রধানমন্ত্রীকে নিশানা করে তৈরি অসম্মানজনক ভিডিয়ো ও পোস্টগুলি এখনও ইন্টারনেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে, যা দ্রুত মুছে ফেলা প্রয়োজন। এই অভিযোগের ভিত্তিতেই এক্স-কে নোটিস পাঠিয়ে অবিলম্বে ওই ধরনের কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই আপত্তিজনক মন্তব্য বা ভিডিয়োগুলি প্রচার করা হয়েছে, সেই অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নাম, ঠিকানা এবং লগইন-লগআউট সংক্রান্ত যাবতীয় তথ্য পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠিক কতজন অ্যাকাউন্ট ব্যবহারকারীকে এই নোটিস পাঠানো হয়েছে, সেই সংখ্যাটি এখনও সম্পূর্ণ স্পষ্ট নয়।