পুবের কলম ওয়েব ডেস্ক: ইরান-আমেরিকার মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের মাঝেই শান্তির বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে তিন দেশ সফরে রয়েছেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ায় পৌঁছে অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে যৌথভাবে 'ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম'-এ অংশ নেন তিনি। সেখান থেকেই তিনি স্পষ্ট জানান, বিশ্বের যেকোনো জটিল সমস্যার সমাধান একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব।
আরও পড়ুন:
সূত্রের খবর, সিডনিতে দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা-সহ ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এই সফরের মাঝেই আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের নয়া সংঘাত এবং সেই আবহে ভারতের প্রধানমন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্য।
আরও পড়ুন:
উল্লেখযোগ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির পরেই বুধবার গভীর রাতে ইরানের বুকে বড়সড় সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, ইরানশাহরের একটি বিমানঘাঁটি এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
মার্কিন হামলায় তেহরান, বন্দর আব্বাস-সহ ইরানের একাধিক শহর জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রাণহানির খবর সামনে আসেনি।এই হামলার কারণ হিসেবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম একটি বিবৃতিতে জানিয়েছে যে, হরমুজ প্রণালীতে স্বাধীন নৌ-বাণিজ্যে ক্রমাগত বাধা দিচ্ছিল ইরান। সেই কারণেই এই সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে আমেরিকা। অন্যদিকে, হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এনে দাবি করেছেন, ওয়াশিংটন এবার ইরানের উপর আগের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী আঘাত হেনেছে।