পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাতের অহমদাবাদে একটি বেআইনি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত আট জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও নয় জন।  আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দমকল সূত্রের খবর অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ অহমদাবাদের বস্ত্রাল এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী এবং র‌্যাফ। উদ্ধারকাজ শুরু করে কারখানা থেকে একে একে দগ্ধ মৃতদেহগুলি বার করে আনা হয় এবং আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছে যে, কারখানাটির লাইসেন্স বেশ কিছু দিন আগেই বাতিল করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও লাইসেন্সবিহীন অবস্থায় একটি খামারের মধ্যে সম্পূর্ণ বেআইনিভাবে এই বাজি তৈরির কাজ চলছিল। কী ভাবে প্রশাসনের নজর এড়িয়ে এত দিন ধরে এই অবৈধ কারখানা চলছিল, তা নিয়ে ইতিমধ্যেই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর দফতর থেকে নিহতদের পরিবারপিছু দুই লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।