সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তরের পর আন্দোলন আরও তীব্র করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও তুলেছে সংগঠনটি।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে অভিজিৎ দিপকে লেখেন, “আমি এই মুহূর্ত থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করছি।

” 

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এতদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল। তবে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনার পর আন্দোলনের দাবির পরিধি আরও বিস্তৃত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে ঘোষিত সংসদ অভিযান কোনওভাবেই প্রত্যাহার করা হবে না।
এদিকে অনশন মঞ্চে উপস্থিত হন সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত।

এর আগেও তিনি ওয়াংচুকের অনশন মঞ্চে গিয়েছিলেন। এদিন তিনি অভিযোগ করেন, “কোনও ব্যক্তির সম্মতি ছাড়া তাঁকে এভাবে তুলে নিয়ে যাওয়া যায় না। ওয়াংচুকের সঙ্গে যা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবেরই পরিচয়। নিট পরীক্ষার অনিয়মের দায় সরকারকেই নিতে হবে, ধর্মেন্দ্র প্রধান এই দায় এড়াতে পারেন না।”
অন্যদিকে, দিল্লি পুলিশের দাবি, সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বক্তব্য, প্রয়োজনীয় চিকিৎসার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।