পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের রাজনৈতিক আঙিনায় তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপের বার্তা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি। লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থিতার ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছর করার প্রস্তাব নিয়ে আগস্ট মাসেই তেলেঙ্গানা বিধানসভায় একটি প্রস্তাব পাশ করা হবে বলে রবিবার ঘোষণা করেছেন তিনি। একই সাথে রাজ্যসভা এবং রাজ্যের বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩০ বছর থেকে কমিয়ে ২৫ করারও সুপারিশ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, প্রার্থী হওয়ার এই বয়সের সংশোধনী সংক্রান্ত প্রস্তাবটি অন্ততপক্ষে একটি 'বেসরকারি বিল' হিসেবে যাতে সংসদে উত্থাপন করা হয়, সে জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির কাছে তিনি একটি আবেদন পেশ করবেন।

শুধু তা-ই নয়, সংসদে চলমান অধিবেশনেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় শাসকদল এনডিএ-র দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পুরো দাবিটি খতিয়ে দেখতে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানান রেবন্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে রেবন্ত বলেন, "ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর তথাকথিত ‘৫৬ ইঞ্চির ছাতি’ জনগণের দাবির সামনে দু'বার মাথা নোয়াতে বাধ্য হল। প্রথমবার হয়েছিল কালো কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সময়, আর দ্বিতীয়বার প্রাক্তন শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে জেন-জি-র আন্দোলনের সময়। দেশের তরুণ প্রজন্ম বুঝিয়ে দিয়েছে, সামাজিক দায়িত্ব থেকে সরলেই এই শাসকদলকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।"