পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলায় প্রথম নির্বাচনী জনসভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আরএসএস এবং বিজেপির আদর্শকে ‘ঘৃণাভরা চিন্তাধারা’ বলে অভিহিত করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর ঐতিহাসিক ‘ভারত জোড়ো যাত্রা’র কথা উল্লেখ করে তিনি বলেন, "৪০০০ কিলোমিটার হেঁটে আমি একটাই শিক্ষা পেয়েছি—এই দেশ ঘৃণা নয়, ভালোবাসা শেখায়। বিজেপি যেখানে ঘৃণা ছড়াচ্ছে, সেখানে আমি ভালোবাসার দোকান খুলতে এসেছি। ঘৃণা বা বিভাজন দিয়ে নয়, একতা ও সম্প্রীতিই পারে দেশের প্রকৃত প্রগতি নিশ্চিত করতে।

"
 
সংবিধানের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধি বলেন, বিজেপি সরাসরি সংবিধানকে ধ্বংস করার সাহস পায় না, তাই তারা পিছন দিক থেকে আঘাত করছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে এবং ‘ভোট চুরি’র মাধ্যমে গণতন্ত্রকে পঙ্গু করার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, আরএসএস এবং বিজেপির এই লড়াই আসলে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংবিধান রক্ষার লড়াই।
 
রাহুল বলেন, “সরাসরি সামনে এসে সংবিধানকে আক্রমণ করতে পারে না।
কিন্তু যখনই সুযোগ পায় সংবিধানের উপর আক্রমণ করে। প্রতিষ্ঠানগুলিতে নিজেদের লোককে বসায়। ভোট চুরি করে। গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।”